আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> চুয়াডাঙ্গা

জীবননগরে বাস-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত ৫

রফিকুল, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা গ্রামের ঈদগাহের সামনে পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরন খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও অন্তত পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত আহরন খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবের গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী। আহতদের মধ্যে নিহতের স্বামী শাহিদুল ইসলাম (৬৫), ছেলে আসিফ (২০) ও ইজিবাইক চালক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জিন্নাহনগর থেকে জীবননগরগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ সকল যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, নিহত আহরন খাতুন স্বামীকে চিকিৎসক দেখিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জননী।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক: রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা

একটি মন্তব্য পোস্ট করুন