আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> গল্প

আত্মসম্মান বোধ


শরীফ উদ্দিন গ্রামীণ ব্যাংক ভুলতা রূপগঞ্জ শাখার প্রবেশনারি অফিসার। ভুলতা বাজারের পশ্চিম পাশে একটি মেসে থাকেন। ব্যাচেলর মেস। মেসঘরের মালিক জসিম মিয়া সুন্দর করে চারদিকে দেয়ালের প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছেন। নিরাপত্তা বেশ ভালো। মেসের একটি কক্ষে গ্রামীণ ব্যাংকের ব্যাচেলর অফিসাররা থাকেন। বড়সড় কক্ষ। চারজন অনায়াসে থাকতে পারেন। শরীফের সঙ্গে থাকে রেজাউল, আনিস ও মিলন। তাদের চারজনের খাওয়াদাওয়া একসঙ্গে। একজন প্রৌঢ় বয়স্কা মহিলা ওদের রান্নাবান্নার কাজ করে—নাম সুফিয়া। দিন ভালোই যাচ্ছে। সুফিয়ার হাতের যশ বেশ ভালো, যা-ই রান্না করে খুব মজা হয়। ওরা চারজন সুফিয়ার ভক্ত হয়ে গেছে। সুস্বাদু খাওয়া-খাদ্য খেয়ে অল্প সময়ে সবাই নাদুসনুদুস হয়ে গেছে। সকালে স্থানীয় বাজার থেকে কচকচে সবজি, জিয়ল মাছ এসব কিনতে পাওয়া যায়। চমৎকার সব সবজির সঙ্গে মাছ দিয়ে পাক করা হয়। যেন অমৃত। সামান্য ডাল পাক করে তাও ফাটাফাটি। ডালের সঙ্গে লেবুর রস দিয়ে মাখামাখি করে ভাত খাওয়ার মজাই আলাদা। সবই ওই মহিলার কৃতিত্ব।

মাঝে মাঝে সুফিয়ার সঙ্গে তার কিশোরী মেয়ে আছিয়াও আসে। মাকে এটা-ওটা এগিয়ে দিয়ে সাহায্য করে। আর যদি অসুখ-বিসুখ বা অন্য কোনো কারণে সুফিয়া আসতে না পারে তখন আছিয়াকে পাঠিয়ে দেয়। আছিয়াও টুকটাক বেশ ভালোই পাক করতে পারে। ‘মা কা বেটি’। আছিয়া খুব চঞ্চল স্বভাবের মেয়ে। কথাবার্তা যা-ই বলে খুব খুশিমনে বলে। মুখে হাসি সবসময় লেগেই থাকে। তাকে দেখে মনে হয় সে খুব সুখী। শরীফ একদিন জিজ্ঞেস করল, এই মেয়ে তুমি সবসময় হাসতে থাক কেন? আছিয়া বলে কী! আমার চেহারাটাই এমন। না হাসলেও মনে হয় হাসতেছি। কী করব আল্লাহ বানাইছেন। শরীফ কিছু-একটা আন্দাজ করার চেষ্টা করে। এই মেয়ের হাসির কোনো নেপথ্য নায়ক আছে কি না, দেখতে হবে। মেয়েটার বয়স হবে চৌদ্দ-পনেরো বছর। গরিব মা-বাবার সন্তান। প্রাইমারি স্কুল শেষ করে আর পড়তে পারে নি। মায়ের কাজে সাহায্য করে। তার মা মেসে এলে সে বাড়িতে রান্নাবান্নার কাজ সেরে নেয়। মার কাছ থেকে এসব সবক বেশ ভালোভাবেই নিয়েছে। দেখতে মেয়েটি মোটামুটি সুশ্রী, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। একদিন সুফিয়ার শরীর খারাপ করলে আছিয়া শরীফদের পাক করতে এসেছে। শরীফ জিজ্ঞেস করল, আচ্ছা আছিয়া তুমি সত্য করে বলো তো, তুমি যে সবসময় এমন আনন্দে থাকো তার রহস্যটা কী? মানে কেন তোমার মনে এত আনন্দ? আজকে বলতেই হবে। মেয়েটি বলল, আমি যে সব সুময় হাইস্যা থাকি তার একটি বৃত্তান্ত আছে। কী বৃত্তান্ত, বলো। আপনেরে বলে আমার লাভ কী হইব? শরীফ বলল, লাভ হতেও পারে। আমরা তোমাকে সাহায্য করতে পারব। এই ধরো তোমার যদি বিয়েশাদি হয়, তখন আমরা টাকাপয়সা দিয়ে সাহায্য করতে পারি। আছিয়া বলল, ওইসব অহনই চিন্তা করন লাগব না। প্রয়োজন হইলে আমি আপনাদেরকে বলব। শরীফ বলল, আচ্ছা ঠিক আছে ওটা নাহয় প্রয়োজন হলে বলবে, এখন বৃত্তান্তটা বলো। আছিয়া ঠোঁটে লেগে থাকা হাসিকে আরও প্রশস্ত করে বলল, আমি একজনকে ভালোবাসি... আছিয়া কথা শেষ করার আগেই শরীফ বলল, আমাদের এখানের কেউ না তো? ধুর স্যার। কী যে বলেন! আপনাদের এখানের কেউ আমাকে ভালোবাসতে যাবেন কেন। আমরা গরিব মানুষ। আমাদের ভালোবাসার মানুষও গরিব। উনি রিকশা ড্রাইভার, দেখতে-শুনতে মাশাল্লা বেশ ভালো। তাগড়া যুবক। আমাকে ভালোই পেয়ার-মহব্বত করে। ওনার কারণে দিনরাত এক সমান। সবসময় আমার কাছে ভালো লাগে, আমি আনন্দে থাকি। এটা আগে বুঝি নি। একটা ভালোবাসার মানুষ থাকলে মানুষের জীবনে আনন্দ উপচাইয়া পড়ে। আমি আছি সেই আনন্দে।

শরীফ একটি দীর্ঘনিঃশ্বাস ফেলে উদাসভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে। মেয়েটি সত্যিই বলেছে। এখানে মাছিমপুরের একটি মেয়েকে দেখে শরীফ একেবারে উতলা হয়ে উঠেছিল। একবার তিন মাসের ট্রেনিং-এ শরীফ ঢাকায় গিয়েছিল। গ্রামীণ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে। তিন মাস তার কাছে তিন বছরের মতো লেগেছিল। শুধুমাত্র মাছিমপুরের মেয়েটাকে দেখবে না বলে। মেয়েটি ভুলতা হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ে। শরীফ সময়মতো একটি জায়গায় দাঁড়িয়ে থেকে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করত। পরপর কয়েকদিন দাঁড়িয়ে থেকে মেয়েটির সঙ্গে দৃষ্টি বিনিময় করেছিল। একদিন সাত-আট বছরের একটি ছেলেকে তার সঙ্গে দেখল। শরীফ ছেলেটাকে ডেকে নিয়ে মিষ্টি খাইয়েছিল, শরীফ জিজ্ঞেস করে জানল, মেয়েটি তার বোন। শরীফ বলল, তোমার বোনের নাম কী? ছেলেটি বলল, আমার নাম শাহাদাত আমার বোনের নাম শেফালী। শরীফ বলল, আচ্ছা মিস্টার শাহাদাত তুমি তোমার বোন শেফালীকে বলবে, সে খুব সুন্দর! আমি তাকে পছন্দ করি। শাহাদাত দুষ্টু দুষ্টু দৃষ্টিতে বলল, তাহলে আপনি আমার দুলাভাই হতে চান এই তো? শরীফের কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। বলে কী ছেলেটি! শরীফ বলল, তুমি একেবারেই ঠিক বলেছ। শাহাদাত বলল, তাইলে আমি অহন যাই। আপাকে আপনার কথা বলব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবে। কাল আবার তোমাকে এই দোকানে মিষ্টি খাওয়াব। জি আইচ্ছা বলে শাহাদাত একরকম দৌড় দিয়ে তার আপার কাছে চলে গেল। তার আপা শরীফদের মেস বাড়ির একটু দূরে একটি কড়ই গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল।

এখনো মেয়েটির কাছ থেকে শরীফ কোনো ইতিবাচক সাড়া পায় নি তাতেই তার উড়ুউড়ু অবস্থা। আনন্দে শরীফের হাত-পা লাফাচ্ছে। সেখানে আছিয়ার তো ভালোই এফেয়ার চলছে। তার তো আনন্দ চোখ-মুখ ফেটে বের হওয়ার কথা। হচ্ছেও তাই। ভালোবাসার একটি মানব-মানবী থাকলে স্বর্গের আনন্দ এসে ভর করে। এটি মহান আল্লাহর বেহেশতের একটি নমুনা মাত্র। ভালোবাসলে জগৎসংসার ভালোবাসার পাত্রপাত্রীকে আনন্দে ডুবিয়ে রাখে। আছিয়াও ওই আনন্দে ডুবে আছে। তাই তার এই হাসি-হাসি মুখ। মেয়েটিকে আল্লাহ কামিয়াব করুন, আমিন।

দেখতে দেখতে শরীফের এখানে ছয় মাস কেটে গেল। দ্বিতীয়বার তার ট্রেনিংয়ের ডাক পড়ল। তিন মাসের ট্রেনিং। শেফালীকে তিন মাস দেখবে না এটা সহ্য হচ্ছে না। কী আর করা—এটাও একধরনের সুখ। তাড়িয়ে তাড়িয়ে যন্ত্রণা থেকে মহিনির টানে সুখ বের করে উপভোগ করা।

তিন মাসের ট্রেনিং শেষ হতে হতে আবারও তিন বছরের মতো লাগল। ট্রেনিং শেষ করে এসে শরীফ যা শুনল তার জন্য সে প্রস্তুত ছিল না। সুফিয়া বিলাপ করে কাঁদছে—তার মেয়ে আছিয়া আর নেই। আছিয়া যেই ছেলেকে ভালোবাসত সে তার কয়েক বন্ধুকে নিয়ে আছিয়াকে সারারাত উপর্যুপরি ধর্ষণ করেছে। ভালোবাসার মানুষটি ডেকেছে না গিয়ে কি থাকতে পারে? কিন্তু ওই ডাকে সাড়া দিয়ে সে ভালোবাসার মানুষটির পৈশাচিক আনন্দের শিকার হলো। সে একা এসব করলে নাহয় মানা যেত। কিন্তু তিন বন্ধুকে নিয়ে তাকে শকুনের মতো ঠোকর দিয়ে খেয়েছে। এই যন্ত্রণা মেয়েটি নিতে পারে নি, তার আত্মসম্মানের এই আঘাত সে সহ্য করতে পারে নি। ভোরবেলায় গলায় শাড়ি প্যাঁচিয়ে ঘরের পেছনে গাছের ডালে ঝুলে পড়ল। আত্মহত্যা করেই মনের জ্বালা মিটাল মেয়েটি।

শরীফের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে মন ভালো করার জন্য কড়ইগাছতলার দিকে তাকিয়ে থাকল। মেয়েটি ঠিক সময়মতো ওখানে এসে হাজির হলো। শরীফকে দেখে মেয়েটির ভাই শাহাদাত এগিয়ে এসে বলল, আপা বলেছেন, নোয়াখালীর মানুষকে বিয়ে করবেন না। আমি আর আপনার মিষ্টি খাব না। খোদা হাফেজ।

শরীফ শেফালীর দিকে অপলক তাকিয়ে থাকল। ধীরে ধীরে মেয়েটি তার দৃষ্টিসীমার বাইরে অপসৃত হয়ে গেল। শরীফও কড়ইগাছতলা থেকে তার দৃষ্টিকে চিরদিনের জন্য সরিয়ে নিল।

লেখক: আরিফ মঈনুদ্দীন

একটি মন্তব্য পোস্ট করুন