আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> উদ্যোক্তা

শিবসা পাড়ের ৬০ বছরের সংগ্রাম ‘নলিয়ান স্কুল’: মুষ্টির চাল ও সুন্দরবনের কাঠে গড়া এক বাতিঘর


একপাশে প্রমত্তা শিবসা নদী, অন্যপাশে বিশ্বঐতিহ্য সুন্দরবন। লোনা জল, একের পর এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আর দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান গ্রাম। অবহেলিত ও দুর্গম এই জনপদে আজ থেকে প্রায় ৬০ বছর আগে শিক্ষার প্রদীপ জ্বালিয়েছিল ‘নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়’।

১৯৬৭ সালে মাত্র ৯ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক নিয়ে শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির যাত্রা। বেড়িবাঁধের ওপর অবস্থিত স্থানীয় ডাকঘরের অর্ধেকটা ঘরে চলত ক্লাস। কাদা মাটির মেঝে, বাঁশের বেড়া আর গোলপাতার চালের সেই স্কুলের জমি দান করেছিলেন এলাকার ফকির ও সরদার পরিবার। প্রতিষ্ঠাতা সভাপতি গহর আলী ফকির ও সদস্য সচিব শৈলেন্দ্রনাথ মিস্ত্রি। সঙ্গে যুক্ত ছিলেন মান্দার আলী ফকির, উজির আলী সরদার ও নূর আলী সরদার।

অর্থাভাবে যখন স্কুলের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছিল, তখন পাশে এসে দাঁড়ান গ্রামের সাধারণ মানুষ। ঘরের মা-বোনেরা প্রতিবেলা রান্নার আগে হাড়ি থেকে তুলে রাখতেন এক মুষ্টি করে চাল। সেই জমা চাল ও ধান বিক্রি করে চলত স্কুলের আনুষঙ্গিক খরচ আর শিক্ষকদের সম্মানানী। সুন্দরবন থেকে কাঠ ও গোলপাতা কেটে এনে কায়িক শ্রম দিয়ে নিজেদের হাতে স্কুলের ঘর তুলেছিলেন গ্রামবাসী।

দীর্ঘ ষাট বছরের পথচলায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৮৮ সালের প্রলয়ংকরী বন্যার তাণ্ডবে কয়েকবার ধ্বংসের মুখে পড়েছিল বিদ্যালয়টি। ৮৮-র বন্যায় শিবসার গর্ভে বিলীন হয়েছিল স্কুলের সব কাগজপত্র ও অবকাঠামো। প্রতিবারই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে স্কুলটিকে গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ ৩০ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্বে থেকে প্রতিষ্ঠানটিকে পরম মমতায় আগলে রেখেছেন সুভাষ চন্দ্র বিশ্বাস।

১৯৭৭ সালে এই বিদ্যালয় থেকে প্রথমবারের মতো দুজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই উত্তীর্ণ হন। ১৯৮২ সালে বিজ্ঞান বিভাগ চালুর পর বহু শিক্ষার্থী মেধার স্বাক্ষর রাখেন। ষাট বছরের ভাঙাগড়ার ইতিহাসে এই বিদ্যাপীঠ নির্মাণ করেছে অজস্র ডক্টর, প্রকৌশলী, চিকিৎসক, ব্যাংকার ও জনপ্রতিনিধি।

উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষার আলো ছড়ানো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আজও টিকে আছে গ্রামীণ ঐক্যের প্রতীক হয়ে। এলাকার শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের এখন একটাই জোরালো দাবি—শিবসা পাড়ের এই অনন্য বাতিঘরটিকে অবিলম্বে সরকারি মডেল স্কুলে রূপান্তর করে যথাযথ স্বীকৃতি দেওয়া হোক।

লেখক: রবিউল ইসলাম, খুলনা

একটি মন্তব্য পোস্ট করুন