আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> অনিয়ম

বুড়িচংয়ে প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস: নিরাপত্তাহীনতায় ৫ শিক্ষকের বদলির আকুতি ও শাস্তির দাবি


কুমিল্লার বুড়িচং উপজেলার ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের অধীনে দায়িত্ব পালন করতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বোধ করায় প্রতিষ্ঠানের পাঁচ সহকারী শিক্ষক একযোগে বদলি ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লিখিত স্মারকলিপি দিয়েছেন।

গত বুধবার বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর এ আবেদনপত্র জমা দেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনামিকা রানী ভৌমিক, মাহমুদা আখতার, নুরুন্নাহার, কানিজ ফাতেমা ও মারজাহান আক্তার।

স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক রুহুল আমিন বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা অসামাজিক ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গত ১৯ সেপ্টেম্বর রাতে এক নারীকে নিয়ে নিজ বাড়িতে প্রবেশের পর স্থানীয় জনতা তাঁকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই আপত্তিকর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভেঙে পড়ার পাশাপাশি সহকর্মী নারী শিক্ষকরা চরম অস্বস্তি ও পেশাগত নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মো. রুহুল আমিন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য এড়িয়ে গিয়ে ব্যস্ততার অজুহাতে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছেন এবং লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, বিষয়টি অবগত হওয়ার পরই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে। বিধি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিবেদক: সুমন আহমেদ, কুমিল্লা

একটি মন্তব্য পোস্ট করুন