শান্তিনিকেতনে প্রবেশ মুখে যে মেয়েটি কমল আমাকে জিজ্ঞেস করেছিল--- "তোমার দেশের নাম কি?" শুনে আমার বিস্ফোরিত দু' ঠোঁট ফুঁড়ে বেড়িয়ে এসেছিল----"আমার দেশের নাম মুক্তিযুদ্ধ"।
শুনে কমল শালবীথির তলায় দাঁড়িয়ে খুব জোরে হেসে বলেছিল---- "তাই?"
কমল বাঙালি ছিলনা---- কোন সুদূর পাঞ্জাবের এক অখ্যাত গাঁয়ের হিন্দিভাষী রবীন্দ্র প্রেমী শান্তিনিকেতনে এসেই মজেছে বাংলায়---- সে জানে সব---- আমার একুশ, আমার উনসত্তর, আমার একাত্তর ---- সব, সব তার নখদর্পনে ; কারণ সেও যে ৪৭- এর অভিশপ্ত
দ্বি- জাতিতত্ত্বের এক বেদনার উত্তরাধিকার ----
তাই তাকে জানতে হয় সব;
তারপর কেটেছে অনেকদিন--- বরষ, মাস
কমল আমার কাছে নেই-- আমি একা, কোথায় আছে জানিনা---- আমি ফিরে এলাম আমার মুক্তিযুদ্ধের বাংলায়---- কিন্তু কমলের প্রথম বিস্মিত প্রশ্নটি আজো আমাকে ভাবায়---
"বাঙালি হিসেবে মুক্তিযুদ্ধ
এ-ই শব্দটি কেন সকালের আরাধ্য হয়ে উঠলনা, কেন হলো না বাঙালির জীবনে
অনির্বচনীয় সত্য?"
লেখক: দুলাল সরকার
