একটি রাষ্ট্রকাঠামো সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের মতোই সাংবাদিক ও সংবাদমাধ্যমের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার সেলের সদস্য ও সিলেট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের গোয়ালাবাজারস্থ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার অর্ণব বলেন, "একটি দেশ ভালো বা খারাপ যেভাবে চলুক না কেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরার মূল দায়িত্ব সাংবাদিকদের। ওসমানীনগরের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড উপস্থাপনে এখানকার সাংবাদিকেরা প্রশংসনীয় ভূমিকা রাখছেন।"
উপজেলা প্রেসক্লাবের সংবাদ পরিবেশনের মানের প্রশংসা করে তিনি আরও বলেন, "ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের রিপোর্টের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আপনারা সবসময় তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করেন। আমার নিজের দলের বিরুদ্ধে হলেও সত্য তুলে ধরবেন—এই বিশ্বাস আমার আছে।"
বক্তব্যে ২০১২ সালে তাঁর পিতা সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে সাংবাদিকদের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা জানান।
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
