আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ইসলামিক

বায়তুল মোকাররমে জমে উঠেছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা


রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে প্রাঙ্গণজুড়ে শুরু হওয়া মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলায় বইপ্রেমী ও দর্শনার্থীদের সমাগম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জ্ঞান, সাহিত্য ও ধর্মীয় বইয়ের বিশেষ টানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় ছুটে আসছেন অসংখ্য পাঠক।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলাটি প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের আন্তর্জাতিক ইসলামি বইমেলায় সর্বমোট ১৪৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, মিসর ও লেবাননের আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি প্রকাশনী অংশ নিয়েছে। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে আলাদা নারী কর্নার, শিশু কর্নার, সিরাত কর্নার এবং ম্যাগাজিন কর্নার। এছাড়া নিয়মিত আয়োজনের অংশ হিসেবে রয়েছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা ও বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, পবিত্র কোরআনের তরজমা, তাফসির, হাদিস গ্রন্থ, সিরাতুন্নবী, ইসলামি ইতিহাস, দর্শন ও গবেষণামূলক বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী শিক্ষামূলক প্রকাশনাগুলোর প্রতি পাঠকদের বিশেষ আকর্ষণ রয়েছে। বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার মেলায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

প্রকাশক ও স্টল পরিচালকরা জানান, তরুণ প্রজন্মের মাঝে ইসলামি জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গঠনে এ জাতীয় আয়োজন অত্যন্ত ফলপ্রসূ। তবে প্রচার-প্রচারণা আরও বৃদ্ধি করা গেলে দেশের দূর-দূরান্তের পাঠকদের আগমন আরও বৃদ্ধি পেত।

মেলার সময়সূচি: মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ কর্মদিবসে (রবিবার থেকে বৃহস্পতিবার) মেলা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত হচ্ছে।

লেখক: জি এম ইয়াছিন আলী

একটি মন্তব্য পোস্ট করুন