আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> নির্বাচন

দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচন, ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা


দীর্ঘ ১৯ বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে নির্বাচনের মুখ দেখতে যাচ্ছে মোংলা বন্দর বণিক সমিতি। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে মোট ৩৭ জন প্রার্থী তাঁদের নিজ নিজ পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে ২ জন করে, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য ১৩ জন প্রার্থী মাঠে রয়েছেন। আগামী নির্বাচনে মোট ১ হাজার ২৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ব্যবসায়ীরা জানান, প্রায় দুই যুগ ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নির্বাচন না হওয়ায় নিয়মিত সাধারণ পরিচালনা পর্ষদ ছিল না। ফলে লাইসেন্স নবায়ন জটিলতা, কাস্টমস ও বন্দর কেন্দ্রিক হয়রানি এবং নানা স্থানীয় সমস্যার সমাধানে অভিভাবকহীন অবস্থায় ছিলেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা এখন দ্বারে দ্বারে গিয়ে চাঁদাবাজিমুক্ত, গতিশীল ও জবাবদিহিমূলক বণিক সমিতি গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে একটি সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি ও বাণিজ্য তরান্বিত হবে বলেই প্রত্যাশা স্থানীয় প্রবীণ ও সাধারণ ব্যবসায়ীদের।

প্রতিবেদক: ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট

একটি মন্তব্য পোস্ট করুন