উদ্ধার হওয়া দুই মাদ্রাসাকন্যা হলো— কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী মাহিমা ইসলাম মাহি (১২) এবং তানিসা আক্তার (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে মাদ্রাসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয় মাহিমা ও তানিসা। নির্দিষ্ট সময়ে তারা মাদ্রাসায় না পৌঁছানোয় এবং সারাদিনেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে জেলা পুলিশের শীর্ষ মহলের দিকনির্দেশনায় মাঠে নামে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আধুনিক তথ্য-উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে কক্সবাজার জেলা ডিবির সহযোগিতায় সৈকত এলাকার ‘গ্রীণ প্যারাডাইজ’ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পরিবারের ওপর কোনো একটি বিষয়ে মনে অভিমান জমিয়ে তারা স্বেচ্ছায় ঘর ছেড়ে কক্সবাজারে এসে ওই হোটেলটিতে অবস্থান করছিল।
এদিকে দীর্ঘ নিখোঁজের পর দুই কিশোরীকে সুস্থ শরীরে ফিরে পাওয়ায় পরিবার ও স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক: সুমন আহমেদ, কুমিল্লা
