আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ঢাকা

সরকারি তোলারাম কলেজে প্রথম ‘গণিত অলিম্পিয়াড–২০২৬’ অনুষ্ঠিত

মো. মফিজুর রহমান, ঢাকা: 

শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘গণিত অলিম্পিয়াড–২০২৬’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অলিম্পিয়াডে নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২২০ জন শিক্ষার্থী অংশ নেয়। স্কুল ও কলেজ—দুটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উভয় বিভাগের সেরা ১০ জন করে মোট ২০ জন বিজয়ীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ গণিত এবং ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি তরুণ প্রজন্মকে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিমব্রিজ ইন্টারন্যাশনাল (Steambridge International)-এর প্রধান প্রফেসর ড. ফারজানা আলম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিভিত্তিক বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি গণিত ও বিজ্ঞানচর্চার প্রতি তাগিদ দেন।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহী করতেই এ উদ্যোগ। আগামীতেও নারায়ণগঞ্জে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।"

পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা ও যুক্তিবোধ বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা। শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন