বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে মাদারীপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, "ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হওয়া এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদারীপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচালিত হবে এবং আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।"
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম দিনেই জেলার ৭২০টি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এরই ধারাবাহিকতায় শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলেও শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পরিচালনা করা হয় স্বতঃস্ফূর্ত পরিচ্ছন্নতা অভিযান। বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু সচেতনতায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল বিলকিস ফেরদৌসী সবাইকে আহ্বান জানিয়ে বলেন, "আসুন সবাই মিলে শপথ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশামুক্ত দেশ গড়ি।"
অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে ইলাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী।
প্রতিবেদক: মাদারীপুর প্রতিনিধি


খুবই ভালো