রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত এই দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান গুনেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে প্রতি লিটার ডিজেলে সরকারের প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছিল। লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে বিপিসির বাৎসরিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে।
এর আগে চলতি বছরের গত ১৯ এপ্রিল ডিজেলের দাম ১৫ টাকা এবং পরবর্তীতে জুনে অন্যান্য তেলের দাম দফায় দফায় বাড়ানো হয়েছিল।
হঠাৎ করে জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বৃদ্ধিতে পরিবহন ভাড়া, কৃষি সেচ ও পণ্য উৎপাদন ব্যয় মারাত্মকভাবে বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে মূল্যস্ফীতির চাপ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদক: মোহাং সালাহ উদ্দিন, বিশেষ প্রতিবেদন
