আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> অপরাধ

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ

রিজওয়ান, নওগাঁ:


নওগাঁর পোরশায় ডাকাতি ও দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, হ্যান্ডেল চেইন, দড়ি ও একটি মোটরসাইকেলসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল পোরশা থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দস্যুতা প্রতিরোধে বিশেষ টহল পরিচালনা করার সময় এ অভিযান পরিচালিত হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে—পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিন্দর সেতুর কাছে একদল যুবক রাস্তায় দড়ি টানিয়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পুলিশ তিনজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের নাইম মাহমুদ (১৯) এবং সমনগর গ্রামের মোস্তাকিম (১৯)।

পরবর্তীতে আটকদের দেহ তল্লাশি করে দেলোয়ারের কাছ থেকে একটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও হ্যান্ডেল চেইন, নাইমের কাছ থেকে একটি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের কাছ থেকে ২৫ ফুট দীর্ঘ দড়ি ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়। এ ছাড়া অপরাধে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। স্থানীয়ভাবে তারা কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত। এ ঘটনায় পোরশা থানায় মামলা দায়ের শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন