আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> জাতীয়

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট:


যান্ত্রিক ত্রুটির কারণে টানা আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দ্রটির বন্ধ থাকা এই ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর মাধ্যমে কেন্দ্রটির দুটি ইউনিটই সচল হলো।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রকৌশলীদের তদারকিতে টানা আট দিন সফল রক্ষণাবেক্ষণ কাজ শেষে ইউনিটটি পুনরায় সচল করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী বাড়ানো হবে।

বিষয়টি নিশ্চিত করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, রক্ষণাবেক্ষণ শেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে এবং এখন থেকে জাতীয় গ্রিডে চাহিদামাফিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

জাতীয় গ্রিডে এই অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হওয়ায় লোডশেডিংয়ের ঝুঁকি হ্রাস পাবে এবং সাধারণ মানুষ ও শিল্প খাতের বিদ্যুৎ সংকট দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে জ্বালানি বিশেষজ্ঞরা মেগা প্রকল্পগুলোতে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে নিয়মিত কঠোর তদারকি ও রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন