গাজীপুরের কালীগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ মুন্সি (পিতা- জাকির হোসেন) কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর এলাকার বাসিন্দা এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্বরত ছিলেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকার খোদেজা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী জাহিদ মুন্সির সাথে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের ২য় বর্ষের এক ছাত্রীর। পরবর্তীতে বিয়ের ভুয়া আশ্বাস দিয়ে জাহিদ বিভিন্ন রিসোর্ট ও গেস্ট হাউজে নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে।
এজাহারে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে নিয়ে অসামাজিক কাজের পর বিয়ের চাপ দিলে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন জাহিদ। পরবর্তীতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর তাঁকে দল থেকে বহিষ্কার করে এনসিপি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্ত করে নাগরী এলাকা থেকে অভিযুক্ত জাহিদ মুন্সিকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: সুজন চন্দ্র দাস, গাজীপুর
