আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় উত্তেজনা


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের ভোরের বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মো. ইকবাল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ইকবাল খাগাতুয়া উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোরের বাজার এলাকায় পূর্ববিরোধের জেরে ইকবালের ওপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর ও পরে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই গ্রামের আলম, হালিম ও সাদ্দাম গংরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তদের আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ স্পষ্ট হবে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইকবালের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে খাগাতুয়া গ্রামে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক: সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন