বরিশাল-ঢাকা আকাশপথে সপ্তাহের ৭ দিনই নিয়মিত বিমান ফ্লাইট চালু এবং রুট সম্প্রসারণের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’। স্মারকলিপি গ্রহণকালে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনতিবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, সহ-সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক নাছিম উল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৭৯ সালে জমি অধিগ্রহণ ও ১৯৯৯ সালে নির্মাণকাজ শেষে বরিশাল বিমানবন্দরে জাতীয় পতাকাবাহী বিমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০২১ সালের ২৬ মার্চ থেকে নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট চালুর পর দক্ষিণাঞ্চলের মানুষের আকাশপথের সুফল মিললেও পরবর্তীতে অজ্ঞাত কারণে ফ্লাইট সংখ্যা হ্রাস পেতে থাকে। বর্তমানে কেবল বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার ৩টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে তা আরও কমিয়ে সপ্তাহে মাত্র ২টিতে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে, যা চরম হতাশাজনক।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিনই নিয়মিত ফ্লাইট চালুর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ‘যশোর-বরিশাল-চট্টগ্রাম’ আকাশপথ পুনরায় চালু করা জরুরি। বর্তমানে বরিশাল থেকে সড়কপথে চট্টগ্রাম যেতে ২০ থেকে ২৪ ঘণ্টা সময় ব্যয় হয়। বরিশালকে চট্টগ্রাম ও যশোরের সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত করা সম্ভব হলে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক গতিশীলতা, চিকিৎসা ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। একই সাথে বেনাপোল হয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াতও বহুগুণ সহজ হবে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, বরিশাল বিভাগের অগণিত মানুষের যাতায়াতের দীর্ঘদিনের প্রয়োজনীয়তাকে বিবেচনা করে অবিলম্বে নিয়মিত আকাশ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রতিবেদক: শাহীন হাফিজ, বরিশাল
