আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলের ১ বছরের কারাদণ্ড


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকাসক্ত অবস্থায় নিজের বয়োবৃদ্ধ বাবা-মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে বেলাল মিয়া নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজবাহেরা এলাকায় অভিযান চালিয়ে এই কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, ঘটনার দিন সরতাজবাহেরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে বেলাল মিয়ার বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে নিজ বৃদ্ধ বাবা-মাকে মারধরের সুস্পষ্ট অভিযোগ ওঠে। তাৎক্ষণিকভাবে বিষয়টি আদালত আমলে নিয়ে যাচাই-বাছাই শেষে সত্যতা নিশ্চিত হন। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধী বেলাল মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ বা শিথিল করার বিষয়ে কোনো প্রকার তদবির না করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের আইনানুগ জিরো টলারেন্স অভিযান ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। একই সাথে পরিবারে জ্যেষ্ঠ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে পারিবারিক নির্যাতন প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান কর্মকর্তারা।

প্রতিবেদক: আদিল সরকার, ঈশ্বরগঞ্জ

একটি মন্তব্য পোস্ট করুন