শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী পৌরসভার পেতন আউলিয়া মাজার গেইট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ কালিপদ দাস, সহ-কোষাধ্যক্ষ মাহফুজ রকি, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, দপ্তর সম্পাদক ডা. শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, নির্বাহী সদস্য সজীব চৌধুরী, অর্পিতা ঘোষ ও মো. রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আসন্ন জন্মউৎসব সফল করতে সার্বিক প্রস্তুতি, মঞ্চ ও অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা, বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, অতিথি আপ্যায়ন এবং স্বেচ্ছাসেবক সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে দায়িত্বপ্রাপ্তদের মাঝে নির্দিষ্ট কাজ বণ্টন করে দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বাংলা লোকসংস্কৃতির ক্ষণজন্মা সাধক ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের অতুলনীয় শিল্প-অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁর স্মৃতি ও লোকঐতিহ্য সুরক্ষায় এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান আয়োজকরা।
উল্লেখ্য, আগামী ১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) লোকশিল্পী ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে থাকবে বর্ণাঢ্য আলোচনা সভা, সংগীত, আবৃত্তি, নৃত্য ও ঐতিহ্যবাহী ঢোলবাদনসহ নানা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
প্রতিবেদক: বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
