শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সকালে আটজন জেলে নিয়ে একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি সংলগ্ন এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। সমুদ্রে অবস্থানকালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে চালক নিয়ন্ত্রণ হারালে বোটটি গভীর সাগরে ভাসতে থাকে।
দীর্ঘ পাঁচ দিন পর গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে কৌশলে বোটের মালিককে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে জরুরি উদ্ধার সহায়তার আবেদন জানান।
সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনির একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত সমুদ্রে অভিযান শুরু করে। সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করে গভীর সমুদ্র থেকে ভাসমান বোটসহ আটজন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় শুকনা খাবার ও পানীয় সরবরাহ করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া বোট ও জেলেদের তাদের নিজ নিজ স্বজন ও মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। সমুদ্রসীমায় মৎস্যজীবীদের সার্বিক নিরাপত্তা ও যেকোনো জরুরি দুর্ঘটনায় কোস্ট গার্ডের এ ধরনের উদ্ধার তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিবেদক: ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
