শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড় ৪টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া মওলা বাড়ির সামনের ইসলামিয়া রোডে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী বিএনপি নেতা মঞ্জুরুল আলম অভিযোগ করে বলেন, ঘটনার সময় তিনি নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময়ে বাইরে ২০-২৫ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে যাওয়ার শব্দ শুনে তিনি ঘরের বাইরে এসে দাঁড়ান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাঁকে সরে যাওয়ার কথা বলে। তিনি দ্রুত বাসার ভেতরে প্রবেশের চেষ্টা করলে মিছিলের মধ্য থেকে তাঁকে ও তাঁর বসতবাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
তিনি আরও জানান, দুষ্কৃতকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর চালায় এবং বাড়িঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে তিনি অলৌকিকভাবে গুলি ও ইটপাটকেলের আঘাত থেকে রক্ষা পান এবং শারীরিকভাবে অক্ষত আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ ফোর্সের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: রবিউল ইসলাম, খুলনা
