বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরের বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।
শুক্রবার দুপুরে র্যাব-৫ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল দড়িখরবোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মোক্তার ও ছাকিরুলকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁদের হেফাজত থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি খাঁটি সোনার বার এবং অবৈধ চোরাচালান কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তাঁরা বিক্রির উদ্দেশ্যে অবৈধ সোনার বার দুটি নিজেদের হেফাজতে রেখেছিলেন। র্যাব-৫-এর দাবি, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধভাবে সোনা সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের কাছে মজুদ করে আসছিলেন। এ ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, সে বিষয়ে অধিকতর তদন্ত চলছে।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
প্রতিবেদক: মো. গোলাম কিবরিয়া, রাজশাহী
