আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড় সংলগ্ন পাকা সড়কে যানবাহন তল্লাশিকালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর (৬ নম্বর ওয়ার্ড) এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. এবাদুল হক (৩০) এবং একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ আল মুমেন (২৫)। আব্দুল্লাহ আল মুমেন বর্তমানে নবীনগর পূর্বপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল হাকিম খান, এসআই মো. শামীম ভূইয়া এবং জরুরি মোবাইল ডিউটিতে নিয়োজিত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন মিয়াসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল সংক্রান্ত বিশেষ অভিযানে নিয়োজিত ছিলেন।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দল নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড়ে যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, "গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

প্রতিবেদক: সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন