আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করল পুলিশ, সিসি ক্যামেরা ও সার্বিক নিরাপত্তায় তাগিদ


শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনের সুনির্দিষ্ট প্রস্তুতিকে সামনে রেখে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমা নির্মাণের কারখানা পরিদর্শন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)-এর প্রত্যক্ষ নির্দেশনায় রোববার (২৭ সেপ্টেম্বর) নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি বিশেষ দল নাগেশ্বরী থানা এলাকার প্রধান প্রধান প্রতিমা নির্মাণ কেন্দ্রগুলো ঘুরে দেখে।

পরিদর্শনকালে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান, থানার ইন্সপেক্টর (তদন্ত), নাগেশ্বরী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং স্থানীয় পূজা মণ্ডপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাগেশ্বরী থানা পুলিশ সূত্র জানায়, নাগেশ্বরী উপজেলায় এ বছর মোট ৪টি প্রধান কেন্দ্রে ৬৩টি পূজামণ্ডপের জন্য দেব-দেবীর প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। এর মধ্যে নাগেশ্বরী কলেজ মোড় কেন্দ্রে ১২টি, গাগলা বাজার কেন্দ্রে ১৬টি, গোবর্ধনকুঠি নেওয়াশি কেন্দ্রে ২৫টি এবং ভিতরবন্দের ডাকনিরপার কেন্দ্রে ৯টি মণ্ডপের প্রতিমা গড়ার কাজ করছেন কারিগরেরা।

পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ প্রতিমা তৈরির কারিগর ও মৃৎশিল্পীদের সঙ্গে সার্বিক নিরাপত্তা, সম্ভাব্য হুমকি ও কারিগরি চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তা জোরদার করতে প্রতিমা নির্মাণের স্থানগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা সুনিশ্চিত করা, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন এবং নৈশপ্রহরী রাখার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন, ভাবগাম্ভীর্যপূর্ণ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

প্রতিবেদক: মো: আতিকুর রহমান, কুড়িগ্রাম

একটি মন্তব্য পোস্ট করুন