আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

পুলিশে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের সিদ্ধান্ত, জেলা ও থানা পর্যায়েও থাকছে বিশেষ শাখা


ক্রমবর্ধমান ডিজিটাল অপরাধ দমন ও দেশের প্রযুক্তিগত নিরাপত্তা সুসংহত করতে বাংলাদেশ পুলিশে একটি নতুন ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দ্রুততম সময়ের মধ্যে এই ইউনিটের কাজ শুরু হবে এবং সারা দেশের বিভাগ, জেলা ও থানা পর্যায় পর্যন্ত এর প্রাতিষ্ঠানিক বিস্তার ঘটানো হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় রাজধানীতে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর সম্মানজনক পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধের আধুনিক মাত্রার সাথে তাল মেলাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, "আগামী সপ্তাহের মধ্যেই একটি পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদর দপ্তরে একজন অতিরিক্ত আইজিপির (অ্যাডিশনাল আইজিপি) পদ পদায়ন করা হবে। যদি পদটি খালি বা সৃষ্ট না থাকে, তবে আমরা নতুন পদ সৃষ্টি করে পদায়ন সম্পন্ন করব।"

নতুন গঠিত হতে যাওয়া এই বিশেষ ইউনিটের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রমের রূপরেখা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশ সদর দপ্তরের অধীনে এই ইউনিটের শাখা প্রতিটি মেট্রোপলিটন এলাকা, বিভাগ এবং জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকবে। এমনকি জেলা ও থানা পর্যায়েও সাইবার সিকিউরিটি ইউনিটের জন্য আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো সরবরাহ করা হবে।"

সাইবার অপরাধ তদন্ত ও প্রমাণের আধুনিক সুযোগ-সুবিধার বিষযটি স্পষ্ট করে তিনি আরও জানান, "সাইবার ক্রাইম তদন্তে প্রধান প্রতিবন্ধকতা হলো উন্নত প্রযুক্তির অভাব। এ লক্ষ্যে কেন্দ্রে ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের অত্যাধুনিক ফরেনসিক ল্যাবরেটরি ও প্রয়োজনীয় সব ধরনের ডিজিটাল সাপোর্ট নিশ্চিত করা হবে। এ সংক্রান্ত একটি বিশেষ প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।"

মাঠপর্যায়ে ও কেন্দ্রীয়ভাবে কাজের বিভাজন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ছোট ও মাঝারি ধরনের যেসব সাইবার অপরাধ থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে অ্যানালিসিস ও সমাধান করা সম্ভব, সেগুলো স্থানীয় শাখাতেই নিষ্পত্তি হবে। তবে জটিল ও বড় পরিসরের সাইবার কেসগুলো স্থানান্তরিত হবে কেন্দ্রীয় সদর দপ্তরে।

অনলাইনকেন্দ্রিক অপরাধের ভয়াবহতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "বর্তমানে সাইবার স্পেসকে কেন্দ্র করে যে ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, তা আধুনিক বৈশ্বিক অপরাধ প্রবণতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বিশ্বের কোনো কোনো রাষ্ট্রে মোট সংঘটিত অপরাধের প্রায় ৪৪ শতাংশই সাইবার বা অনলাইন স্ক্যামভিত্তিক। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আমাদেরও সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে হচ্ছে।"

প্রতিবেদক: বিশেষ প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন