প্রথমে তাঁর আসল পরিচয় কেউ আঁচ করতে পারেনি। সাধারণ সেবাগ্রহীতার মতো কাউন্টারে দাঁড়িয়ে নিজের কাজের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন তিনি। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা জানতে পারেন, সেবাগ্রহীতার বেশে আসা সেই নারী আর কেউ নন—স্বয়ং ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার উত্তর খান ইউনিয়ন ভূমি অফিসে গোপন এ পরিদর্শনের ঘটনাটি ঘটে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে সরকারি ভূমিসেবায় সাধারণ মানুষ বাস্তবে কী ধরনের সুবিধা পাচ্ছেন বা কোনো প্রকার অযাচিত বিলম্ব, অনিয়ম, দালালচক্রের প্রভাব এবং হয়রানির মুখোমুখি হচ্ছেন কি না—তা সরাসরি পরখ করতেই জেলা প্রশাসক এমন ব্যতিক্রমী উদ্যোগ নেন। বোরকা পরে নিজের আসল পরিচয় গোপন রেখে তিনি সেবা পাওয়ার পুরো প্রক্রিয়াটি নিজে অভিজ্ঞতা করেন এবং অফিসে আসা সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে তাঁদের অভিযোগ ও মতামত শোনেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা খানম অফিসে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের কাজের ধীরগতি বা ফাইল আটকে রাখার বিষয়ে কঠোর হুশিয়ারি প্রদান করেন।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে সরকারি দফতরগুলোতে সাধারণ নাগরিকেরা কোনো ধরনের ভোগান্তি ছাড়া সেবা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন ঝটিকা ও ছদ্মবেশী পরিদর্শন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। জনস্বার্থে ও সেবার মান বাড়াতে ভবিষ্যতেও জেলাজুড়ে এ ধরনের ঝটিকা পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদক: মো. মফিজুর রহমান, ঢাকা
