সুমন আহমেদ, কুমিল্লা:
কুমিল্লার বাঙ্গরাবাজার থানার আলোচিত আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও সরাসরি কিলিং মিশনে অংশ নেওয়া দুর্ধর্ষ আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উত্তর পেন্নাই এলাকায় পূর্বশত্রুতার জেরে নিজ বসতবাড়িতে অতর্কিত হামলার শিকার হন আনোয়ার হোসেন মেম্বার। ১৯ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর সরাসরি দিকনির্দেশনায় বাঙ্গরাবাজার থানা-পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বাঞ্ছারামপুর থেকে পিন্টু মিয়াকে (পিতা: মৃত ধবীর মুন্সি, সাং: উত্তর পেন্নাই) আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পিন্টু মিয়া হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। বাঙ্গরাবাজার থানা-পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
