মো. ছিয়াম হোসেন, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তমা খাতুন নামে এক তরুণী মৃত্যুবরণ করেছেন।
নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোলাপনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল বখাটে ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তাকে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় অপরাধীরা। খবর পেয়ে স্বজনেরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে অবিলম্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
এদিকে ধর্ষণের শিকার তরুণীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িত বখাটেদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
