শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জান্নাত যশোর সদর উপজেলার বাসিন্দা এবং রেনেটা ফার্মাসিউটিক্যালসের কুমিল্লা রিজিয়নের কর্মকর্তা আব্দুল আলিমের মেয়ে। পরিবার নিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় বসবাস করার সূত্রে জান্নাত নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। গ্রেপ্তারকৃত চালক সুমন নিয়মিত সিএনজিচালিত অটোরিকশায় করে জান্নাতকে স্কুলে পৌঁছে দেওয়া ও আনা-নেওয়া করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন চালক সুমন সুকৌশলে জান্নাতকে সিএনজিতে তুলে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর এলাকার একটি নির্জন ধানক্ষেতের পাশে নিয়ে যায়। সেখানে তাঁকে পাশবিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করার পর লাশ ফেলে রেখে যায়। ঘাতক সুমন নিজের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি দুর্ঘটনাস্থলের পাশে পরিত্যক্ত অবস্থায় ফেলে চম্পট দেয়।
পরদিন গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ধানক্ষেত থেকে কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লালমাই থানা-পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় পুলিশের একাধিক টিম মাঠে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ঘাতক সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, প্রধান অভিযুক্ত সুমনকে নিয়ে পুলিশের আভিযানিক দল কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কুমিল্লায় পৌঁছানোর পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ, উদ্ধারকৃত আলামত এবং সার্বিক তথ্য গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।
প্রতিবেদক: সুমন আহমেদ, কুমিল্লা
