বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মো. রাশেদকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এই সাংগঠনিক সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সাথে বহিষ্কৃত ব্যক্তির কোনো ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল বহন করবে না জানিয়ে তাঁর সঙ্গে যেকোনো সাংগঠনিক যোগাযোগ রক্ষা না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন রাশেদ। ওই ঘটনায় পাহাড়তলী থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী জানান, কোনো অবস্থাতেই দলীয় পরিচয় ব্যবহার করে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে চরম সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদক: চট্টগ্রাম প্রতিনিধি
