আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> এআই

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, মিলবে দৈনিক ভাতা

 

দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সম্পূর্ণ বিনামূল্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রকল্পের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

​গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​প্রশিক্ষণের মেয়াদ ও সময়সূচি:

আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। মোট ৫০ কার্যদিবসে দৈনিক ৬ ঘণ্টা করে সর্বমোট ৩০০ ঘণ্টার এ হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

​আবেদনের যোগ্যতা:

দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা ও ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে। বাছাই প্রক্রিয়ায় ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

​সুযোগ-সুবিধা:

এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের কোর্স ফি লাগবে না। বরং প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং দুপুরের খাবারের সুবিধা পাবেন। কোর্স সফলভাবে সম্পন্নকারীদের আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হবে।

​আবেদন ও বাছাই প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে (www.dydaiproject.com/apply) প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

​স্ব-স্ব জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে। নির্বাচিতদের চূড়ান্ত তালিকা আগামী ৩০ নভেম্বর প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন