আকাশ বিজয় পাখি
কি হলো আজ তোমার
মুক্ত আকাশ স্বাধীন ডানা
তবু তুমি যেখানে খুশি সেখানে
উড়ে যেতে পারছ না কেন পাখি!
আমিও তোমার মত
যেন পায়ে বেড়ি পরিয়ে দিয়েছে কেউ
কতদিন চেয়েছি তোমার মত
যেখানে খুশি সেখানে চলে যাব
সীমানা পেরিয়ে চলে যাব
মানবো না কাঁটাতার।
জন্মেছি স্বাধীন হয়ে
তাহলে আমার চতুর্দিকে
এত বন্ধন কেন?
সূর্যের আলো ইচ্ছেমতো
গায়ে মাখতে পারি,
সমুদ্রের জলে ইচ্ছেমতো
সাঁতার কাটতে পারি,
বাতাসের অক্সিজেন
প্রাণ ভরে নিতে পারি।
প্রকৃতির সম্পদে আমার অধিকার
তবু কেন জমিতে খনিতে
আমার অধিকার নেই?
আমি কেন স্বাধীন নই?
স্বাধীন ডানার পাখি
তোমার মত হতে পারলাম কই!
আমার কারণে তোমারও
কি মন খারাপ।
আজ তুমিও বুঝি সমব্যথী।
লেখক: অমৃত মাইতি
