মো. এমদাদ, মাগুরা:
মাগুরার শ্রীপুরে এক বিএনপি নেতাকে সালিশের পাওনা টাকা হস্তান্তরের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদাবাজি’ হিসেবে অপপ্রচারের অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে ও সত্যতা তুলে ধরতে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ সংলগ্ন স্থানীয় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রদীপ তাঁর বিরুদ্ধে উত্থাপিত চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তিনি জানান, দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রইচ উদ্দিন মৃধার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে তাঁর দেবর ও ভাসুরদের দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা ও গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে মীমাংসা করা হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী পাওনা টাকা গ্রহণের সময় নাজমা বেগম গোপনে ধারণ করা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন এলাকাবাসীও ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
