সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া:
বাঞ্ছারামপুর ও নবীনগরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট’ সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আবহে প্রকল্পটির নির্মাণকাজের ফলক উন্মোচন করা হয়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান এমপি। সংসদ সদস্যদ্বয়ের যৌথ উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটির প্রশস্থকরণ ও আধুনিকায়ন কাজ সম্পন্ন হলে বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার লাখ লাখ মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। দীর্ঘদিনের যানজট ও যাতায়াতভিত্তিক দুর্ভোগের নিরসন ঘটবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি দ্রুত ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা দ্রুততর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসাবাণিজ্যে গতি আসবে।

