আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ক্যাম্পাস

যবিপ্রবিতে পালিত হলো আন্তর্জাতিক অণুজীব দিবস, অংশ নিল শতধিক শিক্ষার্থী

আব্দুল্লাহ আল হাসিব, যবিপ্রবি: 


নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রার (র‍্যালি) মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। অণুজীববিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যশোর শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।


র‍্যালির উদ্বোধনকালে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তার এবং শিক্ষক ড. অভিনু কিবরিয়া ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরবর্তীতে র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বৃক্ষরোপণ, স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং ইনোভেশন প্রদর্শনীর আয়োজন করা হয়। কুইজ ও ইনোভেশন প্রদর্শনীতে শিক্ষার্থীরা অণুজীববিজ্ঞান, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশবিষয়ক বিজ্ঞানভিত্তিক নানা সৃজনশীল ধারণা তুলে ধরে।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সেলিনা আক্তার জানান, মানবদেহ, কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অণুজীবের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ তৈরি, অণুজীববিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেই প্রতিবছরের মতো এবারও এই দিবসটি উদযাপিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন