আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> নওগাঁ

পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাঈদের মরদেহ উদ্ধার পরবর্তী দাফন সম্পন্ন, ভিডিও কলে সমবেদনা প্রতিমন্ত্রীর

রিজওয়ান, নওগাঁ:


সৌদি আরবে কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারানো নওগাঁর পত্নীতলার প্রবাসী তরুণ আবু সাঈদের (৩৫) মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে মরদেহ নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত আবু সাঈদ পত্নীতলা উপজেলার হেলেঞ্চাডাঙ্গী গ্রামের মোঃ আবু তালেবের ছেলে। সংসারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। প্রবাসে কর্মরত অবস্থায় আকস্মিক স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১১ বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন।

আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে; স্বজন ও অবুঝ সন্তানের বুকফাটা কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। শনিবার এশার নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন এবং পরে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

ভিডিও কলে সমবেদনা প্রতিমন্ত্রীর: এদিকে প্রবাসী আবু সাঈদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি। তিনি ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রী জানাজায় উপস্থিত মুসল্লি ও স্বজনদের সঙ্গেও কথা বলেন। দূর প্রবাসে কর্মরত দেশের এক শ্রমজীবী নাগরিকের মৃত্যুতে প্রতিমন্ত্রীর এভাবে সরাসরি পাশে দাঁড়ানো ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন