সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারের ব্যস্ততম লঞ্চঘাট ও স্পিডবোট ঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কিশোর মারাত্মক ছুরিকাঘাতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে নবীনগর সদর বাজারের লঞ্চঘাট এলাকায় এ সংঘাতের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে জল্লা গ্রামের রিপন মিয়ার ছেলে মিরাফকে (১৮) অতর্কিত ছুরিকাঘাত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লে পুরো বাজার ও ঘাট এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত অন্য কিশোররা হলো—মাঝিকাড়া এলাকার আজিজ (১৮), ভোলাচং চৌধুরীপাড়ার ইসমাইল (১৯) এবং নবীনগর পশ্চিমপাড়ার সাইফ (১৭)।
আহতদের দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে পেটে ও শরীরে গভীর ক্ষত থাকায় চিকিৎসকরা গুরুতর আহত মিরাফকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, এ হামলার সঙ্গে মাঝিকাড়ার হামিম (১৯), নরসিংহপুরের আতিক সিয়াম (১৯), কলেজ রোডের ইমন (১৯), পশ্চিমপাড়ার মাহি (১৯) ও আরাফাত (১৯) সরাসরি জড়িত ছিল।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নবীনগর থানা-পুলিশ জানিয়েছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
