বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লোকসংগীত ও সাংস্কৃতিক সংগঠন ‘বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস সংগঠনের সার্বিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
এ সময় আগামী ১ অক্টোবর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লোকশিল্পী ও ঐতিহ্যবাহী ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, উপমহাদেশের লোকসংস্কৃতিতে বিনয়বাঁশী জলদাসের কালজয়ী অবদান ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ঐতিহ্যবাহী ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মদিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
