ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. শাকিল নামে এক বাংলাদেশি শিশুর মরদেহ ভারতীয় সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় পুলিশ ভারতের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করে নিজদের হেফাজতে নেয়।
নিহত শাকিল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। স্বজনেরা জানান, শিশুটি মানসিকভাবে অসুস্থ ছিল।
পরিবার ও বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল শাকিল। স্বজনেরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের বিএসএফ অংশ ‘লংকা মোড়া’ এলাকায় এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি নিখোঁজ শাকিলের বলে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতের সীমানার ভেতরে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের সম্মতিতে ভারতীয় পুলিশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে মরদেহ বাংলাদেশে ফেরত এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সীমান্তজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদক: সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া
