আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> ‌অপরাধ

৩১ লাখ টাকা আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী:


রাজশাহীর মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানঘর বরাদ্দ বাবদ জামানতের ৩১ লাখ টাকা আত্মসাৎ, রাতের আঁধারে দোকান দখল-চুরি এবং বিচার চাইতে গিয়ে পুলিশ ও স্থানীয় প্রভাবশালী চক্রান্তের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব গুরুতর অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানঘরের বিপরীতে চুক্তিপত্রের মাধ্যমে তিনি মোট ৩১ লাখ টাকা জামানত দেন। পরবর্তীতে ব্যবসায়িক মন্দার কারণে টাকা ফেরত চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম টাকা না দিয়ে নানা চক্রান্ত শুরু করেন। এ ছাড়া প্রধান শিক্ষকের নির্দেশে নিজ খরচে দোকানঘর ও মসজিদের দেয়ালে আরও ৭ লাখ ৩৬ হাজার ৪২০ টাকা ব্যয় করলেও তা পরিশোধ করা হয়নি। উপরন্তু, ১টি চুক্তিপত্র স্ট্যাম্প জোরপূর্বক কেড়ে নেওয়া এবং পরবর্তীতে রাতের আঁধারে তাঁর দোকানে থাকা লাখ লাখ টাকার মালামাল ও মেশিনারি চুরি-দখল করে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, আইনি প্রতিকার চাইতে গেলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে থানায় প্রায় ৭ ঘণ্টা বেআইনিভাবে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক মহল বিচার মীমাংসার নামে প্রধান শিক্ষকের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে উল্টো তাঁর বিপক্ষে অবস্থান নেয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে নজরুল ইসলাম জামানত ও সংস্কারকাজে ব্যায়িত সমুদয় অর্থ ফেরত, চুরি-দখলের নিরপেক্ষ বিচার, ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, দোকান বুঝিয়ে দিলে নিয়মানুযায়ী জামানতের টাকা ফেরত দেওয়া হবে। এ ছাড়া কয়েক দফা স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ী তা মানেননি বলে তিনি দাবি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন