রবিউল ইসলাম, বিশেষ প্রতিবেদন:
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ৩য় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্ল্যাটের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। খবর পেয়ে ক্রাইম সিন ও সিআইডির ফরেনসিক টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা ফরেনসিক আলামত পরীক্ষা ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এমপি গাজী নজরুল ইসলামের সাথে মরিয়ম খাতুনের দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে গাজী নজরুল ইসলাম ও মরিয়মের বাবা মাসুম বিল্লাহ প্রকাশ্যে পারিবারিক সম্মতিতে তাঁদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
ন্যাম ভবনের মতো সুরক্ষিত স্থানে তরুণী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার মূলে কী রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশের পাশাপাশি একাধিক তদন্ত সংস্থা কাজ শুরু করেছে।
