কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর পরিবেশে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজারহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজারহাট উপজেলা সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান সুজন এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন।
অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত আলী, পরিসংখ্যান কর্মকর্তা মো. এটিএম রিয়াসাদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জনি এবং বাংলাদেশ বেতার রংপুরের সংগীত শিল্পী সুনীল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় রাজারহাট উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট, আকর্ষণীয় পুরস্কার ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেন।
প্রতিবেদক: মহানন্দ বর্মন, কুড়িগ্রাম
