আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হাঁসপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা বেগম ও তাঁর স্বামীর বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ তচ্ছ্রুপ, বিদ্যালয়ের জমি সংক্রান্ত অনিয়ম এবং একক আধিপত্য বিস্তারের অভিযোগে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় হাঁসপুকুর গ্রামের শতাধিক বাসিন্দা ও অভিভাবক অংশ নেন।


মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৮৩ সালে স্থানীয়দের হাত ধরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠাকালীন জমি জালিয়াতির শিকার হয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে তৎকালীন জমি হড়পকারী পরিবারের সদস্য মেহেরুন্নেসা বেগম প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে স্বামী-স্ত্রী মিলে বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তে প্রধান শিক্ষকের স্বামী একক প্রভাব খাটান এবং অন্যান্য শিক্ষক বা স্থানীয়দের মতামত তোয়াক্কা করা হয় না।

লিখিত অভিযোগে মানববন্ধনে বলা হয়, প্রধান শিক্ষক ও তাঁর স্বামী মিলে বিদ্যালয়ের স্লিপ ফান্ড ও অবকাঠামোগত উন্নয়নের সরকারি বরাদ্দের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন, যার পর্যাপ্ত নথিপত্র গ্রামবাসীর কাছে সংরক্ষিত রয়েছে।

এ সময় বক্তারা প্রধান শিক্ষক মেহেরুন্নেসা বেগমের দ্রুত অপসারণ, জালিয়াতি হওয়া জমির মালিকানা উদ্ধার, সরকারি তহবিলের অর্থের নিরপেক্ষ অডিট এবং দাতা সদস্য পদ পুনর্বিবেচনার জোর দাবি জানান। বিদ্যালয়টিকে কোনো বিশেষ পরিবারের স্বৈরাচারী নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে শিক্ষার্থীদের স্বার্থে স্বচ্ছতার মাধ্যমে পরিচালনার আহ্বান জানান স্থানীয় সর্দার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযোগের বিষয়ে ভোলাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ম্যানেজিং কমিটি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তবে পুরো বিষয়টির বিস্তারিত তদন্তের স্বার্থে তিনি সংশ্লিষ্টদের সরাসরি সাক্ষাতের তাগিদ দিয়ে এড়িয়ে যান।

প্রতিবেদক: এম. এস. আই শরীফ, চাঁপাইনবাবগঞ্জ

একটি মন্তব্য পোস্ট করুন