আন্তর্জাতিক ক্রিকেটের স্মৃতিবিজড়িত খুলনার ঐতিহ্যবাহী শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। গ্যালারির ভাঙাচোরা অবস্থা, উপড়ে যাওয়া চেয়ার ও অবহেলিত অবকাঠামোর কারণে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান এই ক্রিকেট ভেন্যুটি এখন অনেকটাই বিবর্ণ।
সরেজমিনে দেখা যায়, স্টেডিয়ামের গ্যালারির অধিকাংশ চেয়ার নষ্ট ও ভেঙে পড়ে আছে। ফাঁকা জায়গায় জমেছে আগাছার স্তূপ। দর্শকদের বসার মতো পরিবেশ না থাকলেও মাঠ ও অবকাঠামোর কিছু অংশে নামমাত্র সংস্কার প্রস্তুতির চিহ্ন লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পরও কাজ শুরু না হওয়ায় সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যু তালিকা থেকেও বাদ পড়েছে খুলনা।
বিসিবি সূত্র জানায়, প্রাথমিকভাবে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা খুলনা ও বরিশালে আয়োজনের পরিকল্পনা ছিল। খুলনা ভেন্যুর জন্য সংস্কার প্রকল্প অনুমোদিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে মাঠ ও অবকাঠামোর কাজ সম্পন্ন না হওয়ায় বাধ্য হয়েই বিসিবিকে বিকল্প ভেন্যুর চিন্তা করতে হয়েছে।
এর আগে গত আগস্টে বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন জানান, খুলনা বিভাগীয় স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করতে ১৩৭ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। সংস্কার শেষ হলে আগামী বছর থেকে বিপিএলসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে বাস্তবে সংস্কারের ধীরগতি ও আয়োজনের সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়ামোদী মহল।
দক্ষিণাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের দাবি—কাগজে-কলমে বরাদ্দ আটকে না রেখে অতি দ্রুত দৃশ্যমান সংস্কারকাজ সম্পন্ন করে আন্তর্জাতিক ক্রিকেটের এ ভেন্যুকে পুনরায় সচল করা হোক।
প্রতিবেদক: রবিউল ইসলাম, খুলনা
