গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল হক।
নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তব্যে প্রধান অতিথি নুরুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় নিজেকে বিকশিত করার জায়গা। ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা গ্রহণ কিংবা খেলাধুলা—শিক্ষার্থীরা কীভাবে নিজেদের গড়ে তুলবেন, সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামোগত ও শিক্ষা সংক্রান্ত নানাবিধ সংকট দ্রুত নিরসন করে বিশ্বমানের দক্ষ নাগরিক গড়ে তোলার উপযোগী পরিবেশ তৈরির আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, শিক্ষক, শ্রেণিকক্ষ ও অডিটরিয়াম সংকট দূর করে আধুনিক ল্যাব ও গবেষণার দুয়ার উন্মুক্ত করার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম সারিতে নিয়ে যেতে সরকার কাজ করছে। একই সঙ্গে ক্যাম্পাসে কোনো অপশক্তি বা বিশৃঙ্খলাকারী যেন মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান অনুষ্ঠানের উদ্বোধন করে জানান, ৫৫ একরের ক্যাম্পাসকে শিগগিরই ২০০ একরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং ইতোমধ্যে ৩২ জন স্থায়ী শিক্ষক নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। ২০২৭ সালের জুনের মধ্যে অসমাপ্ত কাজ শেষ করে র্যাগিংমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোরম সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: গোপালগঞ্জ প্রতিনিধি
