আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> আইনশৃঙ্খলা

রাজশাহীতে অপরাধ দমনে দৃশ্যমান পুলিশি টহল জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারের


রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও উন্নত করতে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করা, টহল বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কার্যকর আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে নগরীর বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী জোরদার অভিযান পরিচালনা এবং জনগণের সঙ্গে পুলিশের পেশাদার সম্পর্ক বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দায়িত্ব পালনে মাঠপর্যায়ের বিভিন্ন বস্তুগত ও প্রশাসনিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের মাধ্যমে পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ফাঁড়ি ও পুলিশ বক্সে কর্মরত সদস্যদের জনগণের আরও কাছাকাছি থেকে সেবা দিতে হবে। নিজ নিজ এলাকায় নিয়মিত টহল ও দৃশ্যমান উপস্থিতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা প্রদান নিশ্চিত করতে হবে। প্রতিটি ক্ষেত্রে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার জন্য তিনি পুলিশ সদস্যদের নির্দেশ দেন।

তিনি চুরি, ছিনতাই ও সমাজবিরোধী অপরাধ প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধির তাগিদ দেন। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দোকানদার ও হকারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, সিটিএসবি-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক: মো. গোলাম কিবরিয়া, রাজশাহী

একটি মন্তব্য পোস্ট করুন