আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> অপরাধ

ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের পর দিন নদী থেকে আব্দুল ওয়াহিদ (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রাম সংলগ্ন মাছুখালী নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। নিহত আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের মৃত শমশুর উল্লাহর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নানার বাড়িতে যান। ওই দিন রাত আনুমানিক ৯টার পর থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলেরা নদীতে তাঁর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে নিহতের মামাতো ভাই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, তিনি সহজ-সরল প্রকৃতির একজন মানসিক প্রতিবন্ধী মানুষ ছিলেন এবং প্রায়ই খছরুপুর বাজারে মানুষের সঙ্গে আনন্দ-কৌতুক করে সময় কাটাতেন। তাঁর এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানান তিনি।

প্রতিবেদক: সিলেট প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন