আজকের তারিখ লোড হচ্ছে...
সাম্প্রতিক:
আক্ষরিক নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম...
> উদ্বোধন

বাংলাদেশ গুজবের দেশ, এআই ব্যবহার করে চলছে চরিত্রহনন: রাঙ্গামাটিতে মীর হেলাল


সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধের তাগিদ দিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, "বাংলাদেশ এখন গুজবের দেশে পরিণত হয়েছে। ফেসবুকে লগইন করলেই যার যার মনে যা আসে তা-ই লিখে ফেলা হচ্ছে। কিছু অপরাধী এআই-এর সর্বোচ্চ খারাপ ব্যবহার করে মানুষের চরিত্রহননসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে।"

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটিতে আয়োজিত আধুনিক জেলা তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ এবং রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো অবক্ষয় ও গুজব রোধে তথ্য মন্ত্রণালয়ের 'ফ্যাক্ট চেকিং' ডিপার্টমেন্ট আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন, বিগত সতেরো বছরের নানামুখী অনাচারে দেশের চলচ্চিত্র শিল্প রুগ্ন হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তবে বর্তমান সরকার ডিজিটাল খাত সহজ করার মাধ্যমে ই-কমার্স ও ফ্রিল্যান্সিং খাতকে ত্বরান্বিত করেছে, যার ফলে তরুণরা ঘরে বসেই বৈধভাবে বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে আনছেন।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পাহাড় ও সমতলের সব ধরনের বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলস কাজ করছে। পাহাড়ের দুর্গম এলাকার মানুষ যাতে অনায়াসে সরকারি তথ্য ও নাগরিক সেবা পান, সে লক্ষ্যেই এই আধুনিক তথ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে।" পাহাড়ি এলাকার সমস্যা চিহ্নিতকরণ ও স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছেন বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবনির্মিত এই আধুনিক তথ্য কমপ্লেক্সে একটি সর্বাধুনিক আইসিটি ল্যাব, ই-লার্নিং সেন্টার, সমৃদ্ধ তথ্য সংগ্রহ ও সংরক্ষণাগার এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত সুবিধার জন্য একটি অত্যাধুনিক প্রেস কর্নার অন্তর্ভুক্ত থাকবে, যা পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক তথ্যপ্রবাহকে আরও দ্রুত ও কার্যকর করে তুলবে।

প্রতিবেদক: মো. জসিম উদ্দিন, রাঙ্গামাটি

একটি মন্তব্য পোস্ট করুন