শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রুবেল টিয়ারা গ্রামের জয়দিল ভাণ্ডারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে স্থানীয় দুটি পক্ষের মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন রুবেল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
রুবেলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে এবং কান্নার রোল পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বিটঘর ও আশপাশের এলাকায় নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের মূল কারণ ও ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে ঘাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া
