শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ পাঠচক্রে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, সংগঠক ও তরুণ চিন্তাবিদরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো. রাশেদুল ইসলাম। সংগঠক, কবি ও কলামিস্ট নাহিদ হাসানের সভাপতিত্বে পাঠচক্রে গভীর রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণধর্মী আলোচনায় অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজাম মুনিরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাধীন সেন, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, রাজনৈতিক সংগঠক ফারুক সাদিক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আরিফ সোহেল।
এছাড়াও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক, শিক্ষক শর্মী হোসেন, তরুণ ভাবুক সর্দার আমিরুল ইসলাম এবং 'রাষ্ট্রচিন্তা'র সদস্য ফাহিম ফয়সাল নির্ঝর প্রমুখ বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন।
পাঠচক্রে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নুর আলম নাহিদ, সাধারণ সম্পাদক এম এন জাকারিয়া খাঁন মুরাদসহ ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
দীর্ঘ আলোচনায় বিশ্ব প্রেক্ষাপটে ফ্যাসিবাদের রূপরেখা, রাষ্ট্রচিন্তা এবং সৌমেন্দ্রনাথ ঠাকুরের প্রাগ্রসর রাজনৈতিক ভাবনার বিভিন্ন দিক বিশদভাবে উঠে আসে। একই সঙ্গে পাঠচক্রের বক্তারা জ্ঞানচর্চা, মুক্তচিন্তার প্রসার ও তরুণদের বুদ্ধিবৃত্তিক মূলধারায় সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদক: মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম
